Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাঠান, কল্কিকে ছাড়ালো ‘রামায়ণ’ 

রামায়ণ-এর মোট আয় ১ হাজার ১১১ কোটি রুপি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। মুক্তির মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর মোট আয় ১ হাজার ১১১ কোটি রুপি। 

তবে বিশ্বব্যাপী আয়ের দৌড়ে এখনো এগিয়ে রয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। যদিও মুক্তির নবম দিনে আয়ের হিসাবে ‘রামায়ণ’ এগিয়ে আছে। 

শনিবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দি হিন্দুস্থান এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির মাত্র ৮ দিনের মাথায় ‘রামায়ণ’ ১ হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করে। এর আগে ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মাত্র সাত দিনে এই মাইলফলক অর্জন করেছিল। 

এরমধ্যে ‘রামায়ণ’ পেছনে ফেলেছে ‘বাহুবলী ২’, ‘আরআরআর’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর রেকর্ড। ‘বাহুবলী ২’ ১ হাজার কোটি রুপি আয় করতে সময় নিয়েছিল ১০ দিন, ‘আরআরআর’ ১৬ দিন এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ১৮ দিন। অন্যদিকে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর এই মাইলফলক ছুঁতে সময় লেগেছিল যথাক্রমে ১৮ ও ২৭ দিন। 

প্রভাস অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’-কেও পেছনে ফেলেছে ‘রামায়ণ’। মুক্তির নবম দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’-এর বিশ্বব্যাপী আয় ছিল ৭১৪.৫৩ কোটি রুপি। অন্যদিকে শাহরুখ খানের ‘পাঠান’-এর আয় ছিল ৬৯৬.৯৮ কোটি রুপি। 

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর। সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। 

এছাড়া হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। অন্যদিকে রাজা দশরথের চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল।

হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। দুটি পর্বে নির্মিত এই মহাকাব্যিক সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালে। 

   

About

Popular Links

x