বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে শিরিন (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় এ ঘটনা ঘটে।নিহত শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর মাথাব্যথা, শরীর ব্যথা ও জ্বর নিয়ে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি হন শিরিন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তিনি মানসিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন।
নিহতের স্বামী জানান, শনিবার রাতে স্ত্রীকে ওয়ার্ডে রেখে তিনি নামাজ পড়তে যান। এ সময় হাসপাতালের ছয়তলার উত্তর ব্লকে সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।



