মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরীতে নৌযানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক হওয়া ৩৭ কিশোরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। পরে বিকেলে পৃথক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও শিশু আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আটক কিশোরদের পৃথক দুইটি আদালতে যথাক্রমে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও শিশু আদালতে হাজির করা হয়। পরে শুনানী শেষে ওই দুইটি আদালতের বিচারক কিশোরদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের মোল্লাচর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে সংঘবদ্ধ কিশোররা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরে একটি নৌযান থেকে ৭-৮ জন কিশোরকে পুলিশ আটক করে। তাছাড়া বাকী কিশোরদের স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আটক পুলিশের কাছে সোপর্দ করে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন জানান, ধলেশ্বরী নদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে সংবাদের ভিত্তিতে নদীতীরে পুলিশ অবস্থান নেয়। এসময় নদীতে ট্রলারে করে দল বেধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করেন তারা। পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও জানান, ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করার অপরাধ করায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ৩৭ কিশোরকে শনিবার আদালতে প্রেরণ করে পুলিশ।



