Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-রিয়াদ রুটে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা

হুতিদের হামলার কারণে এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম

বন্ধ থাকা ঢাকা-রিয়াদ রুটে বুধবার থেকে আবার ফ্লাইট চালু হতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে সৌদিয়া এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে বলে মঙ্গলবার একটি মিডিয়া গ্রুপে খুদে বার্তায় বলা হয়। বার্তায় বলা হয়, সবকিছু ঠিক থাকলে বুধবার থেকে এই রুটে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে পারে।

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। হামলা শুরুর পর ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে এ পর্যন্ত ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ২২ হাজার ২৪১ জন যাত্রী দুর্ভোগে পড়েছেন।

এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম ও রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। আর ইউএস-বাংলা এয়ারলাইন্স এই দুই রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কারও ভিসা সংক্রান্ত জটিলতা থাকলে বা জরুরি ভিত্তিতে যাওয়ার প্রয়োজন হলে তিনি জেদ্দা হয়ে যেতে পারবেন, কারণ ওই রুটে ফ্লাইট চালু আছে।” একইভাবে বিমানের যাত্রীরাও জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x