সুন্দরবন ভ্রমণে গিয়ে দুবলার চরের কাছে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রিয়াজ আহমেদ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকায় বলে জানা গেছে। বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে তাকে উদ্ধারের অভিযান চালাচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে “ইকো ট্যুরিজম-২” নামের একটি বোর্ড সুন্দরবনে যায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে নতুন জেগে ওঠা একটি চরে বোর্ডটি আটকে যায়। সেটি ছাড়ানোর চেষ্টায় পর্যটকেরাও পানিতে নামেন। পরে সবাই বোর্ডে উঠলে গণনার সময় একজনকে পাওয়া যায়নি।
বোর্ডের ট্যুর গাইড মো. মিজানুর রহমান জানান, পর্যটক নিখোঁজের বিষয়টি বুঝতে পেরে বোর্ডের কেবিনগুলোতে খোঁজ করা হয়। তাকে না পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়। এরপর দুই সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, “নিখোঁজ পর্যটককে উদ্ধারে কাজ চলছে। তবে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে।“
সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, “দুবলার চরসংলগ্ন এলাকায় স্রোতের প্রবল প্রভাব রয়েছে। রিপ কারেন্টের কারণে পর্যটক ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।“



