Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও গোল্ডেন বুট মেসির, গড়লেন নতুন রেকর্ড

এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার গোল্ডেন বুট জিতেছেন মেসি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। লিগটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টিনার এই তারকা। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লটের বিপক্ষে ইন্টার মায়ামি ৩-৩ গোলে ড্র করলেও ব্যক্তিগত এই অর্জন নিশ্চিত হয়েছে তাঁর।

এবারের মৌসুমে ২৬ গোল করেন মেসি। ২২ গোল নিয়ে তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ডালাসের পিটার মুসা।

নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। স্বাগতিকদের প্রথম দুই গোলের পেছনেই ছিল মেসির অবদান। ১৪তম মিনিটে তার নেওয়া চমৎকার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে বসেন শার্লটের লুকা ডি লা তরে। সেই সুযোগে বল জালে পাঠান ইয়ান ফ্রাই। ৩৩ মিনিটে মেসির আরেকটি কর্নার থেকে হেডে গোল করেন লুইস সুয়ারেজ।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে রদ্রিগো ডি পলের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে দেয় শার্লট। লিয়েল আবাদা পরপর দুটি গোল করে ব্যবধান কমান। এরপর ৯০ মিনিটে রদোলফো আলোকের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

যোগ করা সময়ে ম্যাচের ভাগ্য বদলানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তার নেওয়া দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এই ড্র করেও ইস্টার্ন কনফারেন্সে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। এর মধ্য দিয়ে প্লে-অফের প্রথম দুই রাউন্ডে ঘরের মাঠে খেলার সুযোগ নিশ্চিত করেছে দলটি। প্লে-অফে তাদের প্রতিপক্ষ কলম্বাস।

   

About

Popular Links

x