Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে বিশেষ পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ফুটবলের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর ২০২৬’ জয় করেছেন এই ইংলিশ স্ট্রাইকার 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে স্বপ্নের এক মৌসুম কাটানোর পর ফুটবলের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর ২০২৬’ জয় করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ক্লাব ও দেশের হয়ে মৌসুমজুড়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও দলগত সাফল্যের ওপর ভর করে তিনি বিশ্বের সেরা ফুটবলারের এই সম্মাননা অর্জন করেন।

হ্যারি কেইনের এই ঐতিহাসিক ব্যালন ডি’অর জয়ের পেছনে মূল নিয়ামক হিসেবে কাজ করেছে তিনটি অসাধারণ পারফরম্যান্স, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগের রেকর্ডগড়া পারফরম্যান্স এবং জার্মান কাপের ফাইনালে হ্যাটট্রিক।

বিশ্বকাপের মঞ্চে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ে সংকটে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে ৭৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেডে সমতা ফেরান কেইন। পরবর্তীতে ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে জয়সূচক গোলটি এনে দেন ইংলিশ অধিনায়ক। তাঁর এই জোড়া গোলেই নকআউট পর্বের পথ সুগম হয় ইংল্যান্ডের। পরবর্তীতে মেক্সিকোর বিপক্ষে নকআউট পর্বেও গোল করে নিজের ফর্মের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন ৫-৪ ব্যবধানে হেরে গেলেও কেইনের পারফরম্যান্স ছিল অনন্য। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি সতীর্থ লুইস দিয়াজকে দিয়েও গোল করান তিনি। এই ম্যাচে গোল করে চ্যাম্পিয়নস লিগের টানা ছয় ম্যাচে গোল করার কৃতিত্ব দেখান তিনি, যা ইংলিশ ফুটবলারদের জন্য একটি নতুন রেকর্ড। এর আগে টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ডটি ছিল লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের দখলে।

জার্মান কাপের (ডিএফবি পোকাল) ফাইনালে স্টুটগার্টের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বায়ার্নের তিনটি গোলই আসে হ্যারি কেইনের পা থেকে। ম্যাচের ৫৫ মিনিটে হেড থেকে প্রথম গোল, ৮০ মিনিটে দ্বিতীয় গোল এবং যোগ করা সময়ে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। কেইনের এই অবিস্মরণীয় নৈপুণ্যে বুন্দেসলিগা শিরোপার পাশাপাশি জার্মান কাপও ঘরে তোলে বায়ার্ন মিউনিখ।

   

About

Popular Links

x