Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরের সেরা কোচের নাম

ডি’অর মঞ্চে সেরা পুরুষ কোচের মুকুট জয়ের লড়াই জমজমাট হয়ে উঠেছে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ব্যালন ডি’অর মঞ্চে সেরা পুরুষ কোচের মুকুট জয়ের লড়াই জমজমাট হয়ে উঠেছে। চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছেন স্পেনকে বিশ্বকাপ জেতানো সফল কোচ লুইস দে লা ফুয়েন্তে, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো-র প্রতিবেদন অনুযায়ী, অন্য সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এই ঐতিহাসিক স্বীকৃতি জয়ের দৌড়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। আগামী সোমবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া জমকালো এই আয়োজনে তার হাতেই উঠতে যাচ্ছে বর্ষসেরা কোচের ট্রফি।

পিএসজির ডাগআউটে বসে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতানো লুইস এনরিকে কিংবা মিকেল আর্তেতার মতো হাই-প্রোফাইল কোচেরা দৌড়ে থাকলেও, জাতীয় দলের অভাবনীয় সাফল্য দে লা ফুয়েন্তেকে নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। স্প্যানিশ ফুটবল কর্তারাও এই বিশেষ মাহেন্দ্রক্ষণ উদযাপনে উদগ্রীব। জানা গেছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লুজানসহ উচ্চপদস্থ প্রতিনিধি দল অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থেকে দে লা ফুয়েন্তের এই সাফল্য উদযাপন করবেন।

উল্লেখ্য, দে লা ফুয়েন্তের সুনিপুণ ট্যাকটিকস ও দক্ষ দূরদর্শিতায় গত ১৯ জুলাই অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর পুনরায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন। পুরো টুর্নামেন্টজুড়ে মাত্র একটি গোল হজম করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল 'লা রোহা'রা।

তার অসাধারণ দিকনির্দেশনায় বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি টানা ৪৩ ম্যাচে অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ডও গড়েছে স্পেন, যা তাকে বর্ষসেরা কোচের খেতাব জয়ের যোগ্যতম দাবিদার করে তুলেছে।

   

About

Popular Links

x