সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে চলতি বছর ২৩ হাজার ৩২৪ জনের হাম শনাক্ত হলো।
এছাড়াও নতুন করে ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জন।



