ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৌরভ এবং আসিফ, তারা দু’জনই দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা। তবে আসিফের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় রংপুর থেকে সিলেটগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।



