ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে ভাড়া করে নিয়ে গিয়ে আবদুল হক (৪৫) নামে এক অটোরিকশাচালককে মাথায় আঘাত করে সড়কে ফেলে রেখে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। শনিবার (২৪ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের বাসিন্দা। প্রায় এক মাস আগে কিস্তিতে দেড় লাখ টাকায় অটোরিকশাটি কিনেছিলেন তিনি। ওই অটোরিকশা চালিয়েই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার চলত।
নিহতের ছেলে মোহাম্মদ শিফাত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদগাজী বাজার থেকে কয়েকজন যাত্রীবেশে তার বাবার অটোরিকশা ভাড়া করেন। তারা অটোরিকশাটি নিয়ে যান বাংলা বাজার এলাকায়। সেখানে মাথায় আঘাত করে তার বাবাকে সড়কে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফেসবুকে বাবার আহত অবস্থার ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া-ফেনী সড়কের বাংলা বাজার ব্রিকফিল্ডের সামনে থেকে আবদুল হককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
ওসি বলেন, “অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“
স্থানীয় সাবেক ইউপি সদস্য মুন্সী আবদুল কাইয়ুম বলেন, “এক মাসও হয়নি কিস্তিতে অটোরিকশাটি কিনেছিলেন আবদুল হক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিবারটি এখন একেবারে অসহায়। আমি এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করি।“



