সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটিতে দলের একাদশে বড় পরিবর্তন এসেছে। ফিফা উইন্ডোর বাইরে থাকায় ভুটান ম্যাচে খেলতে না পারা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেছেন এবং আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁরা সরাসরি একাদশে জায়গা পেয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মিডফিল্ডার হামজা চৌধুরী। এর আগে জাতীয় দলের হয়ে ১১ ম্যাচ খেললেও এই প্রথম অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।
অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ভুটান ম্যাচে পরীক্ষামূলকভাবে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন। তবে ওই ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পাওয়ায় আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড ইব্রাহিম, যাঁর একমাত্র গোলেই ভুটানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
চলমান সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের নেতৃত্বে নিয়মিত পরিবর্তন দেখা যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে এসেছিলেন তপু বর্মণ। তবে ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় ইনজুরিতে পড়ে তিনি ছিটকে গেলে জামাল ভূঁইয়া অধিনায়কের দায়িত্ব পালন করেন। আর আজ হামজা চৌধুরী একাদশে ফেরায় তাঁর হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
শ্রীলঙ্কা ম্যাচের বাংলাদেশ একাদশ- মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।



