গাজীপুরে এক গর্ভবতী নারী পোশাক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক ও স্থানীয় লোকজন। তবে ওই নারী শ্রমিক নিহত হননি। বরং মৃত্যুর গুজবের মধ্যে নিজেই থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানিয়েছেন তিনি। ওই নারী শ্রমিকের নাম দিলরুবা আক্তার মিলি। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন “ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড” পোশাক কারখানার সুইং অপারেটর হিসেবে কর্মরত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কারখানায় ফেরার পথে কয়েকজন বহিরাগত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তার পরিচয়পত্রও নিয়ে যাওয়া হয়।
দিলরুবা আক্তার মিলি জানান, হামলাকারীদের বারবার নিজের গর্ভবতী হওয়ার কথা বললেও তারা তাকে ছাড়েননি। তিনি বলেন, “আমি তাদের বলেছি, আমি প্রেগন্যান্ট (গর্ভবতী), আমাকে ছেড়ে দেন। কিন্তু তারা আমার গায়ে আঘাত করেছে, হাত ধরে টান দিয়েছে এবং আমার আইডি কার্ড নিয়ে গেছে।”
এ ঘটনার পর ওই নারী শ্রমিক নিহত হয়েছেন বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে ফিন বাংলা অ্যাপারেলস কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় ফিরছিলেন দিলরুবা। এ সময় কারখানার সামনে কয়েকজন বহিরাগত তাকেসহ অন্য শ্রমিকদের প্রবেশে বাধা দেন। বাধা অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে দিলরুবা আক্তার মিলি ব্যথা পেয়ে আহত হন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই নারী শ্রমিক বর্তমানে সুস্থ রয়েছেন এবং নিজ বাসায় অবস্থান করছেন। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার খবর পেয়ে তিনি নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হন। সেখানে পুলিশের কাছে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি দুপুরের ঘটনার বিবরণ দেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়া এবং মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।



