মিস ইউনিভার্স ২০২৬-এর এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহির প্রতিযোগিতা শেষ হয়েছে সেরা ৩০-এর আগেই। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারায় পরবর্তী ধাপগুলোতে আর দেখা যাবে না তাকে।
বুধবার (২৫ নভেম্বর) পুয়ের্তো রিকোয় বসেছে মিস ইউনিভার্সের ২০২৬ সালের গ্র্যান্ড ফিনালে।
এবারের আয়োজনে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা অংশ নিয়েছেন।
শুরু থেকেই মাহিকে ঘিরে দেশের দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ।
বিশেষ করে পিপলস চয়েজ ভোটে তার অবস্থান ছিল বেশ আশাব্যঞ্জক। ফাইনাল শুরুর প্রায় এক ঘণ্টা আগেও ভোটের হিসাবে এগিয়ে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি তিনি। দর্শকদের ভোটে সরাসরি পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ পেয়েছেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম।
এদিকে বিচারকদের মূল্যায়নে সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে নির্বাচন করা হয়েছে বাকি প্রতিযোগীদের। সব মিলিয়ে পরবর্তী রাউন্ডের জন্য চূড়ান্ত করা হয়েছে ৩০ জনকে।
এবারের সেরা ৩০-এ জায়গা পাওয়া দেশ ও অঞ্চলগুলো হলো:
১. নিউজিল্যান্ড ২. চিলি ৩. ব্রাজিল ৪. ভারত ৫. নেদারল্যান্ডস ৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ ৭. পেরু ৮. কিউবা ৯. সার্বিয়া ১০. ডমিনিকান রিপাবলিক ১১. কুরাসাও ১২. যুক্তরাষ্ট্র ১৩. ইসরায়েল ১৪. ইকুয়েডর ১৫. পুয়ের্তো রিকো ১৬. তানজানিয়া ১৭. মেক্সিকো ১৮. গিনি ১৯. কলম্বিয়া ২০. ইউক্রেন ২১. পানামা ২২. কোস্টারিকা ২৩. উগান্ডা ২৪. ফিলিপাইন ২৫. ফ্রান্স ২৬. ইথিওপিয়া ২৭. বেলজিয়াম ২৮. ভেনেজুয়েলা ২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ৩০. নিকারাগুয়া
প্রতিযোগিতার পরবর্তী ধাপে নির্বাচিত ৩০ জনকে অংশ নিতে হবে সুইমস্যুট রাউন্ডে। এই পর্বে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে সেরা ১২-তে জায়গা করে নেওয়ার লড়াই করবেন তারা। এরপর ইভনিং গাউন প্রদর্শন ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের মিস ইউনিভার্স।



