ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস চার দশকেরও বেশি সময় ধরে গান পরিবেশনার মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। এবার এই জনপ্রিয় শিল্পীর গান ও সংগীত জীবনের নানা তথ্য সংরক্ষণে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
জানা গেছে, ‘জেমস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দিন দুয়েক ধরে ফেসবুকে খবরটি ভেসে বেড়াচ্ছিল। পরে এ বিষয়ে বিস্তারিত জানান রবিন। তিনি জানান, অনেক দিন ধরেই এই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল।
রবিন ঠাকুর বলেন, ‘‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।’’
বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী।



