ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই।
রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে গুণী এ শিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। গত শনিবার হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রবিবার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।
১৯৩৩ সালে সঙ্গীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে মাত্র ৯ বছর বয়স থেকেই পেশাদার গান গাওয়া শুরু করেন ।
১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। তার বড় বোন লতা মঙ্গেশকর। তবে বোনের ছায়ায় ঢাকা পড়ে যাননি, বরং নিজস্ব গায়কী দিয়েই মন জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন।



