Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘লালন কন্যা’ ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সঙ্গীত জীবনের শুরুতে নজরুলগীতি ও দেশাত্মবোধক গান করতেন এই কণ্ঠশিল্পী 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

আজ লালনকন্যা খ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের প্রথম প্রয়াণ দিবস। ৭১ বছর বয়সে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লালন সাঁইয়ের অসংখ্য বিখ্যাত গান তার কণ্ঠে পেয়েছিল ভিন্ন মাত্রা। গান দিয়ে মানুষের হৃদয় ও স্মৃতিতে আজও গভীরভাবে বেঁচে আছেন বাংলাদেশের লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। 

লালনের দর্শন ও গানকে তিনি বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তাকে দেশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়। 

চলচ্চিত্রেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ ছবির গানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের সম্মানজনক 'ফুকুওকা এশিয়ান কালচার প্রাইজে' ভূষিত হন।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। 

সঙ্গীতজীবনের শুরুতে নজরুলগীতি ও দেশাত্মবোধক গান করলেও মূলত লালন সাঁইয়ের গান গেয়েই তিনি দেশ-বিদেশে জনপ্রিয়তা অর্জন করেন। 

   

About

Popular Links

x