৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে।
এগুলো হলো - নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
অস্কার বাংলাদেশ কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জমা পড়া সিনেমাগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। কমিটিটি ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।
কমিটির সদস্যরা পাঁচটি সিনেমা দেখে সেগুলোর মূল্যায়ন করবেন। এরপর তাদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য একটি সিনেমা চূড়ান্ত করা হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর বাছাইকৃত সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।



