শারদীয় দুর্গাপূজার ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সিনেমা দেখার পরিকল্পনা করছেন? এবারের ছুটিতে বড় পর্দায় দেখতে পারেন ভিন্ন স্বাদের চারটি বাংলা সিনেমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘চিরকুট’, মিরপুরের ঝুটপট্টির গল্প নিয়ে অ্যাকশনধর্মী ‘কাট-পিস’, পারিবারিক গল্পের ‘স্নেহের বন্ধন’ এবং শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত ‘অন্যপাতা’ রয়েছে এই তালিকায়। গল্প, অভিনয় ও নির্মাণের ধরনে সিনেমাগুলোতে আছে ভিন্নতা।
‘চিরকুট’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প
নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’ নির্মাণ করেছেন মুনতাসির আকিব। সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারীসহ আরও অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী।
নির্মাতা মুনতাসির আকিবের ভাষ্য, “নব্বইয়ের দশকের পরিবেশ, মানুষের আবেগ ও ঘটনাকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প না দেখে; বরং একটি সময়কে অনুভব করতে পারেন - সেটাই আমাদের চেষ্টা। আশা করি, চিরকুট এবারের দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।”
সিনেমাটির পোস্টার ও গান প্রকাশিত হয়েছে। নব্বইয়ের দশকের প্রেম ও তারুণ্যের আবহে তৈরি ‘প্রেমে গেলাম ডুবে’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’।
‘কাট-পিস’: ঝুটপট্টির গল্পে অ্যাকশন
মিরপুরের ঝুটপট্টির অচেনা জগৎ নিয়ে নির্মিত হয়েছে তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা ‘কাট-পিস’। গার্মেন্টসের পরিত্যক্ত কাপড়ের ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা এই এলাকার রাজনীতি ও ক্ষমতার লড়াই উঠে এসেছে সিনেমাটিতে।
নির্মাতার ভাষ্য, ‘কাট-পিস’ কেবল ঝুট ব্যবসার গল্প নয়; এটি মূলত একটি অ্যাকশনধর্মী সিনেমা। ঝুট মার্কেটের পরিবেশ তাকে বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী করে তোলে। পরে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নেন।
সিনেমাটির অ্যাকশন দৃশ্যে কোনো ডামি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতা। অভিনয়শিল্পীরা নিজেরাই এসব দৃশ্যে অংশ নিয়েছেন। শুটিংয়ের বড় অংশ হয়েছে বাস্তব লোকেশনে, এমনকি মিরপুরের ঝুটের গোডাউনেও।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা। খল চরিত্রে আছেন ইমরান আহমেদ সওদাগর। এছাড়া অভিনয় করেছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘স্নেহের বন্ধন’: পারিবারিক গল্প
পূজার ছুটিতে পারিবারিক ঘরানার সিনেমা দেখতে চাইলে তালিকায় রাখতে পারেন কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ছবিটিতে রয়েছে সামাজিক, পারিবারিক ও অ্যাকশনধর্মী গল্প।
পরিচালক জানিয়েছেন, কয়েকবার মুক্তির উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এবার মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি।
ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। মৌ খান বলেন, ‘এটি এমন এক নারীর গল্প, পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে রাজি সে। আশা করি, চরিত্রটি দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।”
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াত। ঢাকার লায়ন সিনেমাস ও সৈনিক ক্লাবসহ দেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্নেহের বন্ধন’।
‘অন্যপাতা’: শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রাম
পরিবারের প্রত্যাশা, আর্থিক টানাপোড়েন, প্রেম, পরিচয়ের সংকট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই - তরুণদের জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নিজেদের অর্থ ও টিউশনির আয় দিয়ে সিনেমাটি তৈরি করেছেন একদল শিক্ষার্থী। ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ব্যস্ততার মধ্যেও প্রায় দুই বছর ধরে তাঁরা কাজটি করেছেন।
এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান। প্রযোজক অংকন দে, আবতাহী শামস ও মো. শাহেজাহান। ছয়জনের দল নিয়ে কাজ শুরু হলেও পরে বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী এতে যুক্ত হন।
১ ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। পার্শ্ব চরিত্রে আছেন মোহাম্মদ ইফতিখার। সিনেমাটিতে রয়েছে ছয়টি মৌলিক গান।
প্রযোজক অংকন দে জানিয়েছেন, ২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্যপাতা’। পরে রাজশাহী, কুমিল্লাসহ অন্যান্য জায়গায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভর্তির লড়াই - তরুণদের জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নিজেদের অর্থ ও টিউশনির আয় দিয়ে সিনেমাটি তৈরি করেছেন একদল শিক্ষার্থী। ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ব্যস্ততার মধ্যেও প্রায় দুই বছর ধরে তাঁরা কাজটি করেছেন।
এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান। প্রযোজক অংকন দে, আবতাহী শামস ও মো. শাহেজাহান। ছয়জনের দল নিয়ে কাজ শুরু হলেও পরে বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী এতে যুক্ত হন।
১ ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। পার্শ্ব চরিত্রে আছেন মোহাম্মদ ইফতিখার। সিনেমাটিতে রয়েছে ছয়টি মৌলিক গান।
প্রযোজক অংকন দে জানিয়েছেন, ২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্যপাতা’। পরে রাজশাহী, কুমিল্লাসহ অন্যান্য জায়গায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।



