শুক্রবার (২ অক্টোবর) মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ভারতে ছবিটির নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি, মোট আয় ৮০ কোটি ১০ লাখ। বিদেশ থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। প্রথম দিনেই অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার হয়েছে ছবিটি।
অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড
৬৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে শুরু করে ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলেছে অজয় দেবগনের আগের সব বড় ওপেনারকে। এত দিন শীর্ষে ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’। রোহিত শেঠির সেই ছবির প্রথম দিনের ভারতীয় আয় ছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি।
অজয়ের পরের বড় ওপেনার ‘সিংহাম রিটার্নস’ (৩২ কোটি ১০ লাখ), ‘গোলমাল এগেইন’ (৩০ কোটি ১৫ লাখ) এবং ‘রেইড ২’ (১৯ কোটি ২৫ লাখ রুপি)। অর্থাৎ ‘দৃশ্যম ৩’ শুধু রেকর্ডই ভাঙেনি, আগের রেকর্ডের সঙ্গে ব্যবধানও তৈরি করেছে বেশ বড়।
একইসঙ্গে প্রথম দিনে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে ছবিটি পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর মতো সিনেমাকে।
‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। ‘অ্যানিমেল’-এর আয় ছিল প্রায় ৬৩ কোটি রুপি। ফলে এই দুই ছবির উদ্বোধনী আয়ও টপকে গেছে ‘দৃশ্যম ৩’। তবে তালিকার শীর্ষে এখনও রয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো।
বুকিংয়েই মিলেছিলো সাফল্যের আভাস
ছবিটির প্রথম দিনের ব্যবসার ইঙ্গিত অবশ্য মিলেছিলো মুক্তির আগেই। ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, অগ্রিম বুকিংয়ের গতি দেখে প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রেক্ষাগৃহে যাওয়ার পর সেই আগ্রহ আরও বাড়ে। প্রথম দিনে ভারতে ছবিটির ১৫,৭৫৯টির বেশি শো হয়েছে।
২৫-৩০ কোটির পূর্বাভাস
মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন, ‘দৃশ্যম ৩’ প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু অগ্রিম বুকিংয়ের গতি সেই হিসাব বদলে দেয়। শেষ পর্যন্ত ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করে ছবিটি সেই পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি ব্যবসা করেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, প্রত্যাশার তুলনায় অনেক ভালো শুরু পেয়েছে সিনেমাটি।
‘দৃশ্যম’-এর উত্থান
২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি। পরে দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ১১০ কোটি রুপি। ২০২২ সালে ‘দৃশ্যম ২’ মুক্তির দিন আয় করে ১৫ কোটি ৩৮ লাখ রুপি। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আয় হয় প্রায় ৩৪২ কোটি রুপি।
এবার তৃতীয় কিস্তির প্রথম দিনের আয় ৬৬ কোটি ৭৫ লাখ। অর্থাৎ ২০১৫ সালের প্রথম কিস্তির উদ্বোধনী আয়ের তুলনায় ১১ গুণেরও বেশি। দ্বিতীয় কিস্তির তুলনায় চার গুণের বেশি।
‘দৃশ্যম ৩’-এর সবচেয়ে বড় আকর্ষণ অজয় দেবগন হলেও দর্শকের আগ্রহ মূলত বিজয় সালগাঁওকরকে ঘিরে। সাধারণ কেবল টিভি ব্যবসায়ী থেকে পরিবারের জন্য পুলিশের সঙ্গে বুদ্ধির লড়াইয়ে নামা এই চরিত্র গত দুই ছবিতে আলাদা জায়গা তৈরি করেছে।
শেষ কিস্তিতে সেই খেলায় নতুন প্রতিপক্ষ এসপি রাজবীর সিং তোমর। চরিত্রটিতে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। অজয়ের সঙ্গে আরও আছেন শ্রেয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও প্রকাশ রাজ। পরিচালনায় রয়েছেন অভিষেক পাঠক।



