অবশেষে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্ট।
এর আগে, গত ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা সাময়িক স্থগিত হয়ে যায়।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের কর্মকর্তা আরিফা শবনম বলেন, ‘‘অনুষ্ঠানটির সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। অনলাইনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টিকিট বিক্রি। এবার দর্শকদের সুবিধার্থে টিকিটের দামও কিছুটা কম রাখা হচ্ছে।’’
টিকিটের দাম সম্পর্কে তিনি জানান, আগের ৩ হাজার টাকার টিকিটের মূল্য কমিয়ে এবার ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া পূর্বে যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকা রিফান্ড বা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাইকে নতুন করেই টিকিট সংগ্রহ করতে হবে।
এর আগে, গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করতে হয়।
‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায়ের মূল পরিবেশনার পাশাপাশি দর্শক মাতিয়ে রাখতে একই মঞ্চে অংশ নেবে বাংলাদেশের একটি ব্যান্ড দল।



