Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই’ 

রবীন্দ্র সরোবরে জাতীয় নবান্ন উৎসবের অনুষ্ঠানে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এ কথা বলেন 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

প্রতিবারের ন্যয় এবারো বাঙালির অন্যতম উৎসব নবান্ন পালিত হলো রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে। 

সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের সকালে শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে পর্দা উঠে ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’-এর। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এবারের উৎসব আয়োজন চলে দিনব্যাপী। 

সাধারণত চারুকলায় এই উৎসব উদযাপিত হয়ে থাকলেও এবার সেই জায়গায়র বরাদ্দ বাতিল হয় বলে জানিয়েছে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ কর্তৃপক্ষ।

বাঁশির পরে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’ এর সম্মেলক পরিবেশনা হয়। এরপর একে একে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি। 

সকালের অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী। তারপরে নৃত্যের ছন্দে দর্শকদের মাতিয়ে তোলেন দলীয় নৃত্যশিল্পীরা। 

জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের মাহমুদ সেলিমের সভাপতিত্বে সঙ্গীতা ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। 

তিনি বলেন, ‘‘ছোটবেলায় আমন ধানের নতুন আতপ চালের জাউ আর গুড়ের যে সুবাস পেতাম, এখন আমাদের নাতি-নাতনিদের তা দেওয়ার সুযোগ হচ্ছে না। তবে জাতীয় নবান্নোৎসব উদযাপন পরিষদ এই ঐতিহ্যকে জাতির সামনে ধরে রেখেছে, এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই।’’ 

তিনি বাঙালি সংস্কৃতির প্রসঙ্গে বলেন, ‘‘নবান্ন, পহেলা বৈশাখ কিংবা ঋতু উৎসব এসব লোকজ সংস্কৃতিই বাঙালি জাতির শিকড়। লোকজ সংস্কৃতিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকে না, সবাই মিলেমিশে আনন্দ করে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে এবং দেশ ও সমাজ গড়তে আমাদের এই লোকজ ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।’’ 

দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য’, তামান্না রহমানের পরিচালনায় ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’, এম আর ওয়াসেকের ‘নন্দন কলা কেন্দ্র’, অনিক বোসের ‘স্পন্দন’, শুভাশীষ চাকমার পরিচালনায় আদিবাসী সংগঠন ‘নৃত্যকানন’ এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’ দলীয় নৃত্য পরিবেশন করে। এছাড়া একক আবৃত্তিতে ছিলেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি। 

উৎসবে অংশ নেওয়া তৃপ্তি চক্রবর্তী বলেন, ‘‘নবান্ন বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এটি আমাদের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এই যান্ত্রিক জীবনে নবান্ন উৎসব উদযাপনের এমন সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদকে ধন্যবাদ জানাই।’’

টঙ্গী কলেজ গেইট থেকে উৎসবে অংশ নিতে আসা শিল্পী রোজী দেবনাথ বলেন, ‘‘অনেক দূর থেকে এখানে এসেছি। উৎসবে আমার পরিবেশনা ছিল, পারফর্ম করে খুব ভালো লেগেছে। ঢাকায় এসে নবান্ন উৎসবের সবকিছু মিলিয়ে দারুণ লাগছে।
আমাদের জন্য এখানে পিঠার আয়োজন করা হয়েছে, আর উৎসবের মঞ্চটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে।’’ 

উৎসবে আসা দর্শনার্থীদের জন্য রাখা হয় গ্রামবাংলার চিরায়ত বিভিন্ন ধরনের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসার আয়োজন। 

   

About

Popular Links

x