ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরা জেলায় ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ও সরিষার জমির পরিমাণই বেশি। কোথাও পাকা ধান কাটা ব্যাহত হচ্ছে, আবার কোথাও কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া শীতকালীন সবজির খেতেও পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত জেলায় মোট ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া স্বাভাবিক হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, আক্রান্ত ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির মধ্যে ২ হাজার ২৭১ হেক্টর আমন ধান, ২ হাজার ৭২৯ হেক্টর সরিষা এবং ৫২১ হেক্টর শাকসবজি রয়েছে। এ ছাড়া ১৫ হেক্টর জমির আলু, ৭ হেক্টর খেসারি, ৪ হেক্টর মরিচ, ১৬ হেক্টর পেঁয়াজ ও ৪ হেক্টর রসুন আক্রান্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, বৃষ্টির পরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আক্রান্ত জমির প্রাথমিক হিসাব করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ও ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে আরও সময় লাগবে; মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত হিসাব করা হবে।
সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ধান ও সবজির খেতে পানি জমে আছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন, কিন্তু বৃষ্টির কারণে তা শুকাতে না পারায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। অনেক জমিতে এখনো পাকা ধান রয়েছে এবং ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনের খেতে পানি জমেছে।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়েছে। তালার কৃষক ফক্কার আলী দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছেন; তাঁর ফসল এখন বিক্রির উপযোগী হলেও খেতে পানি জমায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন।
তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের কৃষক আহমাদ আলী জানান, মাঠে কেটে রাখা ধান টানা বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং এখনো অনেক জমিতে পাকা ধান থাকায় তিনি খুব দুশ্চিন্তায় আছেন। একই উপজেলার মহন্দী গ্রামের ফুলকপিচাষি আকছেদ হোসেন জানান, খেতে পানি জমে যাওয়ায় গাছের গোড়া পচে যাওয়ার ভয়ে রয়েছেন তিনি।
জেলার অন্য উপজেলাগুলোতেও বৃষ্টির প্রভাব পড়েছে। আশাশুনিতে চলতি মৌসুমে ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যার মধ্যে বৃষ্টির আগে প্রায় ৪৫ শতাংশ কাটা হয়েছিল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার জানান, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশাশুনির নওয়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন বলেন, বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে এবং কোথাও কোথাও ধানের শিষ পানিতে ডুবে আছে।
কালিগঞ্জ ও কলারোয়া উপজেলায় পাকা আমন ধান কাটতে দেরি হচ্ছে এবং সদ্য বোনা সরিষার চারার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। অন্যদিকে শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন কাঁচা সড়কে কাদা জমে চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। অনেক জমিতে দেরিতে রোপণ করা আমন ধান এখনো রয়েছে। এ ছাড়া ১৫ থেকে ২০ দিন আগে বোনা সরিষার জমিতে ৩৬ ঘণ্টা বা তার বেশি সময় পানি জমে থাকলে চারার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকায় জমিতে নালা কেটে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।



