Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক আর নেই

তার মৃত্যুতে লোকসঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

বাংলা লোকসঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে আর নেই। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবর হিন্দুস্তান টাইমস’র।

পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

স্বাগত দে তার সুরেলা কণ্ঠে গাওয়া অসংখ্য লোকগানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিশেষ করে ‘সোনা বন্ধু রে’ এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’ গান দুটি আজও বাংলা লোকসঙ্গীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। তার কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও নতুনভাবে পরিচিতি পেয়েছিল।

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা জানাতে শুরু করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং অসংখ্য ভক্ত। গায়িকা জোজো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগত দা। ওম শান্তি।”

অন্যদিকে, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, “খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।”

এছাড়া, লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, “স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি। শিল্পীর প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শোক প্রকাশ করছেন।” 

স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসঙ্গীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের মানুষ।

   

About

Popular Links

x