যশোরের শার্শায় বিশেষ অভিযানের মাধ্যমে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে পাওয়া সন্দেভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে শার্শা থানাধীন নিজামপুর এলাকা থেকে থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, সেলিম রেজা বিপুল শার্শার কেরালখালী গ্রামের উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। তিনি নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা।
তার বিরুদ্ধে শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) তাকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “অপরাধ ও নাশকতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”



