নতুন একটি মোবাইল ফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছরের কিশোর নিরবের। সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে নেত্রকোনার বাড়ি থেকে এসেছিল ফেনীতে। পরিকল্পনা ছিল, কাজ করে কিছু টাকা জমিয়ে নিজের উপার্জনে কিনবে পছন্দের মোবাইল ফোনটি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক উন্নয়নকাজে ব্যবহৃত রোলারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাতে হলো তাকে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের নতুন রাণীরহাট বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ওই মহাসড়কের উন্নয়নকাজে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল। কাজের একপর্যায়ে ক্লান্ত হয়ে রোলারের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে সে। এ সময় চালকের অসাবধানতায় রোলারের চাকার নিচে পড়ে পিষ্ট হয় কিশোরটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিরব নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলি গ্রামের বাসিন্দা। পরিবারের বড় সন্তান হওয়ায় অল্প বয়সেই জীবিকার সন্ধানে বাড়ি ছেড়েছিল সে। তার সঙ্গে ছিল বাল্যবন্ধু সৌরভ।
সৌরভ জানান, পাঁচ দিন আগে তারা একসঙ্গে কাজের সন্ধানে ফেনীতে আসেন। নিরবের ইচ্ছা ছিল, কাজ করে কিছু টাকা জমিয়ে একটি নতুন মোবাইল ফোন কিনবে। বন্ধুর সঙ্গে নিজের সেই স্বপ্নের কথাও ভাগাভাগি করেছিল সে। কিন্তু ফেনীতে আসার মাত্র পাঁচ দিনের মাথায় বন্ধুকে হারাতে হলো তাকে।
যে বয়সে নিরবের হাতে থাকার কথা ছিল বই-খাতা, সেই বয়সেই পরিবারের জন্য উপার্জনের আশায় শ্রমিকের কাজ করছিল সে। নতুন মোবাইল কেনার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হলেও শেষ পর্যন্ত আর ফেরা হলো না তার। পরিবারের কাছে ফিরছে তার নিথর দেহ।
নিরবের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে বাবা-মা ছেলের উপার্জন করে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান হলো এক হৃদয়বিদারক সংবাদে। অপূর্ণ থেকে গেল কিশোরটির ছোট্ট একটি স্বপ্ন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।নিহতের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”



