ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নিন সনির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নিন সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।
অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে টাকা খরচ করতে হয়েছে। পুনরায় টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
অডিওতে সনি তার সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এ ছাড়া তার ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সনি ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন। তার দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।”
ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিস্তারিত জানাননি।
এর আগে, গত আগস্টে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা নিতে অস্বীকার করার অভিযোগে আদালত ওই নির্দেশ দেন। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কিন্তু পরবর্তী সময়ে ওসিকে তার স্বপদে বহাল রাখা হয়।



