পরীক্ষা শেষ, ডায়েট বন্ধ হলো সেই ভাইরাল লেপার্ড বাওবাওয়ের

বয়সের কথা বিবেচনা করে তার ওপর থেকে কঠোর ডায়েটের বিধিনিষেধ তুলে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

গোলগাল চেহারার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া চীনের ১৯ বছর বয়সী লেপার্ড ‘পান বাওবাও’-কে আর ওজন কমানোর কঠিন পরীক্ষায় বসতে হচ্ছে না। বয়সের কথা বিবেচনা করে তার ওপর থেকে কঠোর ডায়েটের বিধিনিষেধ তুলে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া চিড়িয়াখানার এই বাসিন্দা প্রথম সবার নজরে আসে ২০২৪ সালের মার্চের দিকে। তার নাদুসনুদুস ও গোলগাল চেহারা দেখে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করেন। নেটিজেনদের চোখে বাওবাও হয়ে ওঠে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া’র হাসিখুশি ও গোলগাল লেপার্ড চরিত্র ‘ক্লহাউজার’-এর প্রতিচ্ছবি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় বাওবাও।

ভাইরাল হওয়ার পর বাওবাওয়ের বাড়তি ওজন ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে চিন্তিত হয়ে পড়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ২০২৪ সালে তার বয়স ছিল ১৭ বছর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক পরিবর্তন ও চলাফেরায় সমস্যার আশঙ্কায় ওই সময় তার ওজন কমাতে বিশেষ ডায়েট চার্ট ও শরীরচর্চার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার কর্মী ঝাং সংওয়েন জানান, বাওবাওয়ের প্রতিদিনের খাদ্যতালিকায় ৫০০ গ্রামের বেশি গরুর মাংসের পাশাপাশি মুরগির মাংস রাখা হয়েছিল এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে তাকে সচল রাখার চেষ্টা চলছিল।

টানা বেশ কয়েক মাস এই প্রক্রিয়া চলার পর সম্প্রতি পশুচিকিৎসকেরা বাওবাওয়ের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা গেছে, সে বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। ফলে বার্ধক্যের কথা মাথায় রেখে তার কঠোর ডায়েট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার ওজন ও আচরণের ওপর নিয়মিত নজর রাখছেন চিড়িয়াখানার কর্মীরা। ডায়েট না থাকলেও শরীর সচল রাখতে খাঁচায় বড় বল দিয়ে তাকে প্রতিদিন খেলতে উৎসাহিত করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাওবাওয়ের ওজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, শুরুর দিকে অতিরিক্ত খাবার দেওয়ার ফলেই তার চেহারা এমন হয়েছিল। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তারা সব সময় বাওবাওয়ের সঠিক পুষ্টি, ওজন এবং সুচিকিৎসার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আপাতত বাওবাওয়ের জন্য কোনো ওজন কমানোর তাড়া নেই, বরং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনই মূল লক্ষ্য।