Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে একটি পার্বত্য এলাকায়। আঞ্চলিক রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটি প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এছাড়া ৩৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের সময় একটি রেস্তোরাঁ থেকে কর্মীদের দৌড়ে বেরিয়ে আসা এবং সুপারমার্কেটের তাক থেকে পণ্য পড়ে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ তিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হন।

উল্লেখ্য, গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যায় ১,৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ওই বন্যার উৎপত্তি হয়েছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছে। পরে পানির স্রোতে নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বহু বাড়িঘর ও স্থাপনা ভেসে যায়।

এদিকে ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

   

About

Popular Links

x