ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার এক গ্রামে রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের তিন শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে মারাত্মক 'ফুড পয়জনিং' বা খাদ্যে বিষক্রিয়া বলে সন্দেহ করছে। হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা, অ্যাম্বুলেন্স, ফরেনসিক টিম এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
নিহত ব্যক্তিরা হলেন- মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫) এবং তাদের তিন সন্তান (১১ ও ৩ বছর বয়সি দুই ছেলে এবং ৭ বছর বয়সি এক মেয়ে)।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমাতে যান। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বিছানায় নিথর দেহ পড়ে থাকতে দেখে। নিহত দম্পতির মা ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে ওই পরিবারটি নুডলস খেয়েছিল। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বৈজ্ঞানিক আলামত সংগ্রহ করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান।
এদিকে স্থানীয় জুওয়ার আসনের বিধায়ক ধীরেন্দ্র সিং নিহতদের বাড়িতে যান এবং জানান যে ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী দপ্তরকে অবহিত করা হয়েছে। পরিবারটি কোনো বিষাক্ত পদার্থ সেবন করার ফলেই এই ঘটনা ঘটেছে বলে তিনি ইঙ্গিত দেন। বিধায়ক আরও বলেন, “সংশ্লিষ্ট খাদ্য উপাদান বা বিষাক্ত পদার্থটি পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। এটি বিষাক্ত প্রমাণিত হলে প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং বর্তমানে ঘটনার বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে স্থানীয় পুলিশ।



