ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিকে আক্রমণ করে তিনি বলেছেন, বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে সহিংসতার মাধ্যমে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে।
শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে বিরোধীদের সমালোচনা করে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, ‘‘চলমান আন্দোলন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) কিংবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে নয়।’’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, দেশের তরুণদের ‘অরাজক রাজনীতির দাবার ঘুঁটি’ বানানোর চেষ্টা চলছে। বাংলাদেশের আদলে ভারতে ক্ষমতার পালাবদলের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাজনাথ বলেন, “দেশের যুবসমাজকে অরাজক রাজনীতির দাবার ঘুঁটি বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশের মতো করে এখানেও ক্ষমতার পালাবদলের চেষ্টা চলছে...।”
আন্দোলনকারীদের বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, তাদের কেউ কেউ প্রকাশ্যে বলছেন, সরকার পরিবর্তনের জন্য তারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আবার কেউ রাজপথের অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানোর কথা বলছেন। রাজনাথের ভাষ্য, এসব বক্তব্য থেকে বোঝা যায়, তাদের উদ্দেশ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
কংগ্রেসেরও কঠোর সমালোচনা করেন রাজনাথ। তিনি বলেন, দলটির নেতারা ‘গান্ধী’ নাম ব্যবহার করার নৈতিক অধিকার হারিয়েছেন। তার অভিযোগ, কংগ্রেস ও তাদের মিত্রদের মূল উদ্দেশ্য সংবিধানের মূল কাঠামো ভেঙে ফেলা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাজনাথ বলেন, “কংগ্রেস এবং তাদের মিত্রদের ব্যবহৃত ‘রেজিম চেঞ্জ’ বা ‘সরকার পরিবর্তন’-এর মতো শব্দগুলো থেকেই স্পষ্ট বোঝা যায়, তাদের এই লড়াই নির্বাচনী সংস্কারের জন্য নয়।”
এদিকে ভারতের বিজেপিপন্থী সংবাদমাধ্যমগুলোতে বৃহস্পতিবার নেহা বোরার একটি তারিখবিহীন ভিডিও সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে নেহা বোরাকে বলতে শোনা যায়, ভারতে জেন-জি তরুণদের চলমান আন্দোলনের সূচনা মূলত বাংলাদেশে হয়েছিল।
এক বিজেপি নেতার শেয়ার করা ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে নেহা বলেন, “এই দেশের আনাচকানাচে জেন-জিদের যে আন্দোলন আমরা দেখছি, তা প্রথমে বাংলাদেশে শুরু হয়েছিল। আমাদের পথ দেখানোর জন্য এবং এই দেশের তরুণদের প্রতি সংহতি জানানোর জন্য আপনাদের অভিনন্দন।”
ভিডিওতে নেহা আরও বলেন, ভারতের মূলধারার বিরোধী দল ও তরুণেরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন। বাংলাদেশের মতো ভারতেও গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন চলছে বলে মন্তব্য করেন তিনি।
তবে সংবাদমাধ্যমগুলো ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল, সে সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।



