পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত

যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে এখনো ভিন্নতা রয়ে গেছে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের আগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বহরে ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান ছিল; তবে বর্তমানে সক্রিয় বহরে রয়েছে ৩২টি। ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই হিসাব সংঘাতের সময় ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে পাকিস্তানের দাবিকে নতুন করে আলোচনায় এনেছে।

বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এর একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা ও যুদ্ধবিমানের বহর নিয়ে প্রকাশিত বার্ষিক তালিকায় ভারতের সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি হিসেবে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত এই যুদ্ধবিমান সর্বশেষ ভারত-পাকিস্তান সংঘাতেও মোতায়েন করা হয়েছিল। উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে প্রায় ৮৮০ কোটি ডলারের চুক্তিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত। এর বাইরে সম্প্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত শুরু হয়। ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ তোলে ভারত, যা অস্বীকার করে ইসলামাবাদ এবং ভারতের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চার দিনের এই সংঘাতে উভয় দেশ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে এবং পাল্টাপাল্টি হামলায় দুই দেশের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করে যে তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রাফালও রয়েছে। ভারত সংঘাতে কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি নাকচ করে দেয়। সে সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেন যে পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে রাফাল ধ্বংসের প্রথম ঘটনা। একটির বেশি রাফাল ভূপাতিত হয়েছে কি না, তা ফরাসি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলেও তখন জানানো হয়েছিল।

পরবর্তীতে চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, সংঘাতে তাদের ভূপাতিত করা বিমানের মধ্যে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯, একটি মিরাজ-২০০০ এবং একটি চালকবিহীন আকাশযান ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা উল্লেখ করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ১০টি বলে জানান; এর আগে প্রথমে পাঁচটি এবং পরে গত বছরের অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে সাতটি ও আটটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন তিনি।

তবে সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে এখনো ভিন্নতা রয়ে গেছে।