সাত দিনের সফরে আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন বিশ্ববরেণ্য ইসলামি স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ফকিহ শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরকালে তিনি দেশের বিভিন্ন মাদ্রাসা, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ও মহাসম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান এবং নামাজে ইমামতি করবেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ঢাকাস্থ শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত সফরসূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অসুস্থতার কারণে মুফতি তাকি উসমানির বাংলাদেশের সফরসূচিতে এর আগে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছিল। পরবর্তীতে গত ৬ নভেম্বর পূর্বনির্ধারিত অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কাটছাঁট করে কেবল কয়েকটি নির্দিষ্ট কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে তার সুস্থতা ও নিরাপদ সফরের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি স্কলার, ফকিহ, মুহাদ্দিস এবং আধুনিক ইসলামি অর্থনীতির অন্যতম রূপকার। ১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্মগ্রহণকারী এই মনীষী পাকিস্তানের সাবেক প্রধান মুফতি মুহাম্মদ শফি উসমানি (রহ.)-এর সন্তান। তিনি বর্তমানে জামিয়া দারুল উলুম করাচির মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বেঞ্চের বিচারপতি ছিলেন এবং সৌদি আরবের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির স্থায়ী সদস্য। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় তাফসির, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে তার শতাধিক কালজয়ী গ্রন্থ রয়েছে।



