Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন’

 প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা বলেন ইমরান খান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও তার স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। চিকিৎসার অভাবে তাদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা বলেন ইমরান খান। পরে তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে নিজের শারীরিক অবস্থার তীব্র অবনতির কথা তুলে ধরে ইমরান খান জানান, কারাগারে দীর্ঘ সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, গত ১০ নভেম্বর তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।

ইমরান খান অভিযোগ করেন, তাকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে (সলিটারি কনফাইন্ড) আটকে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও অত্যন্ত সীমিত করা হয়েছে। এমনকি গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার দেখা করার অনুমতি পেয়েছেন তিনি। যুক্তরাজ্যপ্রবাসী তার দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতিও তাকে দেওয়া হচ্ছে না বলে চিঠিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

চিঠিতে নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা। তিনি জানান, গত এপ্রিলে বুশরা বিবি রেটিনার জটিল সমস্যায় আক্রান্ত হন এবং তার চোখে অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে সর্বশেষ সাক্ষাতের সময় তিনি খেয়াল করেন যে, বুশরা আলো সহ্য করতে পারছেন না এবং চোখ খুলতেও পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না করা হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান ইমরান।

চিঠিতে ইমরান স্মরণ করিয়ে দেন যে, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও রায়ে বলা হয়েছিল। কিন্তু জেল কর্তৃপক্ষ আদালতের সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।

ইমরান খান ও বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। অন্যদিকে, তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হওয়া বুশরা বিবিও একই কারাগারে বন্দি রয়েছেন। এই মামলায় এই দম্পতিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চিঠির শেষাংশে বিচারব্যবস্থার প্রতি আকুল আবেদন জানিয়ে ইমরান খান বলেন, তিনি আদালতের কাছে কোনো ধরনের বিশেষ সুবিধা বা দয়া চাচ্ছেন না; কেবল আদালতের আগের নির্দেশগুলো কার্যকর করা এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। চিঠিতে তিনি লিখেছেন, “আমি বেঁচে থাকলেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।”

   

About

Popular Links

x