রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চরম উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক (২২) নামের এক তরুণ ও তার বাবা আয়নাল হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকা ও জেলার পবা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে এসআরবি-৫-এর সহায়তায় তাদের আটক করা হয়।
অভিযুক্ত আবু বকর সিদ্দিক রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার বাসিন্দা ও কৃষক আয়নাল হকের ছেলে। তিনি রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি ভ্যানে সবজি পরিবহনের কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত মঙ্গলবার রাজশাহী সফরকালে বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান ও ধর্মসভায় যাতায়াতের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে বাসে বসা প্রধানমন্ত্রীর একটি ছবি পোস্ট করা হলে, আবু বকর সিদ্দিক তার ব্যক্তিগত আইডি থেকে লেখেন, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
বিষয়টি নজরে আসার পর বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও চন্দ্রিমা থানা-পুলিশ অভিযানে যায়। পরবর্তীতে বিকেল ৪টার দিকে এসআরবি-৫-এর একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আবু বকরকে না পেয়ে তার বাবা আয়নাল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে পবা উপজেলার হাটরামচন্দ্রপুর ঘোলহারিয়া গ্রামে মামার বাড়ি থেকে আবু বকরকে আটক করে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-৫ -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক জানান, আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ডিবি পরবর্তীতে বিস্তারিত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম অভিযুক্তের বাড়িতে প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশি চালান। তবে সেখানে পেনড্রাইভের মোড়ক ছাড়া অন্য কোনো আলামত পাওয়া যায়নি। ওসি জানান, আবু বকরের রাজনৈতিক সম্পৃক্ততা বা পূর্বের কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আবু বকরের রাজনৈতিক পরিচয় নিয়ে মিশ্র তথ্য পাওয়া গেছে। নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষকেরা জানান, ক্যাম্পাসে তিনি সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচিত হলেও স্থানীয়দের সূত্রে তার পরিবার ও রাজনৈতিক পরিচয় নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জানান, আবু বকর সিদ্দিক কলেজের নিয়মিত ছাত্র। তিনি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তবে এখনও ফলাফল হয়নি। কলেজে তিনি আবু বকর সিদ্দিকের খারাপ কিছু দেখেননি। তিনি জানান, ফেসবুকে তার মন্তব্যের বিষয়টি জানাজানি হলে তিনি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। তারা তাকে জানিয়েছেন যে, আবু বকর সিদ্দিকের বাবা আগে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ৫ আগস্টের পর তিনি জামায়াতের সঙ্গে মিশছেন। আবু বকর পারিবারিক সূত্রে ছাত্রলীগ করতেন বলে তিনি শুনেছেন। তবে কলেজে কিছু দেখেননি।
রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান লিমন বলেন, ‘‘আমি প্রশাসনের লোকজনের কাছে শুনলাম যে আবু বকর আগে ছাত্রলীগ করত। এখন নাকি ছাত্রশিবির করছে। কিন্তু কলেজে আমি কোনো কিছু দেখিনি। তাকে আমরা সেভাবে চিনতামও না।’’
তবে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির এ ঘটনায় তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা অস্বীকার করে জানান, অভিযুক্ত তরুণ শিবিরের কোনো জনশক্তি নন।
অন্যান্য তথ্যের পাশাপাশি অভিযুক্ত যুবকের মা আসমাউল হুসনা দাবি করেছেন, তার ছেলে নিরীহ ও মেধাবী, তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।



