Sunday, October 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে মৃত্যুর মিছিল, পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের

বৃষ্টির মধ্যে মণ্ডপে অতিরিক্ত ভিড় জমে যাওয়ায় হুড়োহুড়ি লেগে পদদলনের ঘটনা ঘটে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ এএম

ভারতের কলকাতার উত্তরাঞ্চলে চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের ওই পূজামণ্ডপের বের হওয়ার গেটে এ দুর্ঘটনা ঘটে। কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, বৃষ্টির মধ্যে মণ্ডপে অতিরিক্ত ভিড় জমে যাওয়ায় হুড়োহুড়ি লেগে পদদলনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল ও চিকিৎসক দল পাঠানো হয়। আহতদের অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে আপাতত মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, আহতদের মধ্যে ১৩ জন নারী ও একটি শিশু রয়েছে। পরিস্থিতি দেখতে হাসপাতালে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ আগরওয়াল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হুড়োহুড়ির সময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার দুটি পথই ছিল সরু, এলাকায় পর্যাপ্ত আলোরও ব্যবস্থা ছিল না। তার মেয়ে ও নাতনি এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

   

About

Popular Links

x