ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ৩৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত দেশটির এক কর্মকর্তা।
রবিবারও (২২ নভেম্বর) কারখানার কিছু অংশে আগুন জ্বলছিল। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছিলেন। সেখানে শ্রমিকরা আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, রবিবার পর্যন্ত ১৫ জন জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। আহত আরও চারজনকে হাসপাতালে ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
আগুন লাগার প্রকৃত কারণ এখনও নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ।
কারখানাটি দেশটির বানতেন প্রদেশের সেরাং জেলায় অবস্থিত। রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এর অবস্থান।
বানতেনের গভর্নর আন্দ্রা সনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানার ভেতরে প্রায় ৬০ জন লোক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, রাতের বেলা কারখানার বড় অংশ আগুনে পুড়ে যাচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রবিবার সকালে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ থেকে অন্তত একজনের মরদেহ উদ্ধার করতেও দেখা যায়।
উদ্ধার অভিযান সম্পর্কে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে বলেছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যৌথ উদ্ধার দলের সব সদস্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্থানীয় টেলিভিশন সম্প্রচারের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে জড়ো হয়ে উদ্ধার অভিযান সম্পর্কে খবরের অপেক্ষা করছেন।
সম্প্রচারমাধ্যম কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৩০ মিনিট) কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে যান। তবে তারা পৌঁছানোর আগেই কারখানার বড় অংশে আগুন ছড়িয়ে পড়েছিল।
দমকল কর্মকর্তা তুবুগাস মাহফুজ কমপাস টিভিকে বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় বড় একটি এলাকা আগুনে পুড়ছিল। ফলে কোম্পানির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল কি না, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।”



