চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টার দিকে বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিস জানতে পারে বুধবার।
দগ্ধরা হলেন রিকশাচালক মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম ও তাদের তিন বছরের মেয়ে আরিফা বেগম। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। শিশুটিও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফ দুই মাস আগে স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই ভবনের নিচতলায় বাসা ভাড়া নেন। মঙ্গলবার রাতে হঠাৎ বাসাটি থেকে বিকট শব্দ শোনা যায় এবং নিমেষেই সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় বাসার দরজা ও জানালা ছিটকে পড়ে। পরে প্রতিবেশীরা ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভবনের মালিক হায়দার আলী জানান, তার ভবনে কোনো গ্যাস সিলিন্ডার নেই। বাসিন্দাদের ব্যবহারের জন্য ভবনের বাইরে দুটি গ্যাসের চুলা রাখা আছে। আরিফের বাসায় কোনো চুলা ছিল না। বিস্ফোরণের শব্দ শুনে রাতেই ঘটনাস্থলে গিয়ে তিনি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, “পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। গ্যাস নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
আরিফের ভাই মো. শরীফ জানান, তাদের গ্রামের বাড়ি ভোলায়। কাজের সুবিধার্থে আরিফ চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন। পুরো পরিবার দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তিনি। চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, ভাই ও ভাবির অবস্থা বেশি খারাপ; তবে ভাতিজির অবস্থা তুলনামূলক ভালো।



