মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন

টংগিবাড়ীতে ব্যাংকের যশলং শাখায় এ ঘটনা ঘটে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের যশলং শাখায় গেইটের কাছে থাকা বেঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় পাশে রাখা একটি মোটরসাইকেলেরও কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের যশলং শাখায় এ ঘটনা ঘটে।

ব্যবস্থাপক কামাল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ব্যাংকের দরজার সামনে আগুন লাগিয়ে দেয়। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা পুলিশকে জানিয়েছি।

খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, কেউ হয়ত গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে, আগুন লাগে নাই। তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয় নাই।

সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।