বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংক ও সামনের রাস্তার ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩৫ জনের নাম উল্লেখ করে মোট ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার সাবানপুর গ্রামের মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে এ মামলা করেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার অন্যতম আসামিরা হলেন—বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সহসভাপতি আনোয়ার হোসেন, কামাল উদ্দিন কবিরাজ, যুগ্ম সম্পাদক ও শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ, আব্দুর রাজ্জাক রতন, কাহালু উপজেলা মহিলা লীগের সভাপতি আছমা বেগমসহ ১৩৫ জন। এ ছাড়া এতে ১৬০-১৭০ জন অজ্ঞাত আসামি রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর রাত ১১টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল কর্মসূচি বাস্তবায়নের জন্য সমবেত হন। তারা উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংক, মালঞ্চা শাখার সামনে মালঞ্চা থেকে রানীরহাটগামী পাকা রাস্তার ওপর আকস্মিক হামলা করে ধ্বংসাত্মক কার্যকলাপ সংঘটিত করে। বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনাসহ জানমালের ক্ষতির লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
এ সময় নাশকতামূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চারটি পেট্রোল বোমা ছুঁড়ে মারলে সেগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে। এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায় তারা।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



