চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. টমাস উদ্দিন (৩৫)। তিনি উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তার ফেসবুক আইডিতে নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও রয়েছে তার। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বুধবার বেলা আড়াইটার দিকে চৌকা এলাকায় একটি খেতের পাশে কলাগাছের নিচে নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে টমাস উদ্দিন নিহত হন এবং তিন থেকে চারজন আহত হন। পরে আহত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে তারা জানতে পেরেছেন। তবে তার সাংগঠনিক পরিচয় বিস্তারিত তদন্তের বিষয়।
পুলিশ সুপার আরও বলেন, ওই ব্যক্তির সঙ্গে আরও দুই-তিনজন থাকতে পারেন। তারা যে বিস্ফোরক তৈরি করছিলেন, তা ভালো কোনো উদ্দেশ্যে নয় বলে পুলিশের ধারণা। এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।



