সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সাবেক সংসদ সদস্য বদির দুই ভাই আব্দুস শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।
সিলেটে ভ্রমণের কথা বলে তারা মঙ্গলবার সকালে হোটেলটিতে ওঠেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গ্র্যান্ড প্যালেস হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন শীর্ষ নেতা অবস্থান করছেন।
এরপর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) হোটেলটিতে অভিযান চালায়।
এ সময় ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী হোটেলটির নিচে অবস্থান নেন। অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
আটক চারজনকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপ-কমিশনার।



