ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসে এক কিশোরীকে বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কিশোরীর বয়স ১৭ বছর হওয়ায় বিয়ের আইনগত বৈধতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গেছে, ওই যুবকের নাম সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা। তিনি গুজরাটের বাসিন্দা। কিশোরী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
কিশোরীর মা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসায় ভারত থেকে ঢাকায় আসেন ফাইজান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন কিশোরীর মা ও ছোট ভাই। পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং একজন মৌলভীকে ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর জামাতা হিসেবে ফাইজানকে বাড়িতে নিয়ে যান কিশোরীর পরিবারের সদস্যরা।
কিশোরী জানায়, দক্ষিণ আফ্রিকায় থাকা তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজানের সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ চালিয়ে যায়। কিশোরী জানান, গত এক বছরে ফাইজানের কাছ থেকে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছে। ফলে এখন তাদের মধ্যে ভাষাগত কোনো সমস্যা নেই। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। কিশোরী আরও জানায়, ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান।
ফাইজান নিজেও জানিয়েছেন, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। সম্পর্কের বিষয়টি তার পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসায় এসে তিনি বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান বলে জানান।
কিশোরীর মা বলেন, “মেয়েকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত উপায় না পেয়ে বিয়ে দিতে বাধ্য হয়েছি।”
স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, “বর্তমান পরিস্থিতিতে একজন ভারতীয় তরুণ বাংলাদেশে এসে হুট করে বিয়ে করে থেকে যেতে চাইছেন, এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানান, স্থানীয় গ্রামপুলিশ তাকে বিষয়টি জানিয়েছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরীর বয়স ১৭ বছর হওয়ায় বিয়ের আইনগত বৈধতা এবং নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা আনুষ্ঠানিকতা নিয়ে আইনগত প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।



