সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- সহ-সভাপতি রাকিবুল ইসলাম, আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহ-আইন সম্পাদক মো. রাকিব; সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ।
অন্যদিকে, পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন জানান, কমিটিতে থাকা সত্ত্বেও ওই নেতারা সাংগঠনিক কর্মকাণ্ডে উপস্থিত থাকতেন না। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের কর্মকাণ্ডের অভিযোগও ছিল। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ অবহিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



