মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের সব আয়োজন ও অতিথি আপ্যায়নের রান্না শেষ হলেও বাড়তি যৌতুকের টাকা না পেয়ে নির্ধারিত দিনে বিয়ের আসরে আসেননি বরপক্ষ। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে থাকার সময় একই ইউনিয়নের জালালপুর গ্রামের আবাছ আলীর (৪০) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় কনের। প্রবাসে থাকাকালে আবাছকে সাড়ে ৩ লাখ টাকা দেন তিনি। দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক হয়।
কনের পরিবারের দাবি, মোটরসাইকেলের জন্য বিয়ের আগের দিন বৃহস্পতিবার বরপক্ষকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু শুক্রবার দুপুরে বরপক্ষ আরও দেড় লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে তারা বিয়েতে অস্বীকৃতি জানায়।
তবে যৌতুকের অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি দাবি করেন, তারা কোনো যৌতুক নেননি; বরং তার ভাইয়ের পাওনা বাবদ ১ লাখ টাকা নিয়েছেন।
শনিবার রাতে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিয়েছেন। নিষ্পত্তি না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



