বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩

কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

এপিবিএন সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএন সদস্যরা তাদের আটক করেন। এরপর এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে সেগুলো স্বর্ণের পেস্ট বলে নিশ্চিত হওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ দেশে এনে জুয়েল, শাওন ও দেশীয় অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় তারা চোরাচালান করে আসছিলেন। আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও তথ্য পাওয়া গেছে।

এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, “গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ পাচারের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। সে অনুযায়ী নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলছে। চোরাচালান ও অপরাধ দমনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।”