ঢাকার ধামরাইয়ে কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়া নিয়ে পূর্ব বিরোধের জেরে আনন্দ (৩০) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ আনন্দ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আনন্দ নরসিংহপুর এলাকার বাসিন্দা। তাকে গুলি করার অভিযোগে একই এলাকার শ্রীরামের (৩০) নাম এসেছে। তার সঙ্গে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সম্প্রতি আনন্দের বাড়িতে ধর্মীয় কীর্তনের আয়োজন করা হয়েছিল। সেখানে খিচুড়ি খাওয়া নিয়ে শ্রীরামের সঙ্গে তার বিবাদ হয়। এ বিষয়ে শনিবার বিকেলে স্থানীয়ভাবে সালিশ বসার কথা ছিল। কিন্তু তার আগেই দুপুরের দিকে একটি মোটরসাইকেলে শ্রীরাম ও আরও একজন এসে আনন্দকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে আনন্দ দুটি গুলিতে বিদ্ধ হন, আরেকটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তাকে ঢামেকে নেওয়া হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, “আনন্দ ও অভিযুক্ত প্রতিবেশী। কীর্তনের খিচুড়ির খাবার নিয়েই তাদের মধ্যে বিবাদ হয়েছিল। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। আজ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা ছিল। তার আগেই অভিযুক্ত ও আরও একজন মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটান। স্থানীয়ভাবে পুলিশ তিনটি গুলির তথ্য পেয়েছে, এর মধ্যে দুটি আনন্দের শরীরে লেগেছে। তবে পুলিশ নিজে তাকে দেখেনি।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কীর্তনের খাবার খাওয়া নিয়ে আগে থেকেই দুজনের বিবাদ ছিল। সেটি নিয়ে আজ স্থানীয়ভাবে বসার কথা ছিল, কিন্তু তার আগেই গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



