টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার বিকেলে ওই গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, ওরস মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রবিউলের বোনজামাই জহিরুল ইসলাম বলেন, “রবিউল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। কয়েক বছর আগে তার বাবা মারা যান। তিন বোন ও মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। রবিউলের এমন মৃত্যুতে তার মা ও তিন বোন প্রায় দিশেহারা হয়ে পড়েছেন। কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।”
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।”



