ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আইনজীবী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম জানান, বিস্ফোরণের পর আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তিনি বলেন, “আমরা তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দিই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।”
ডিএমপির প্রসিকিউশনের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, “সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”



