রংপুরে শিক্ষক পরিবার হত্যা: মুগ্ধ ও সিদ্ধার্থকে অভিযুক্ত করে চার্জশিট

মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, মাদক সেবনে বাধা নয়, চুরি করতে গিয়ে বাধা পেয়ে হত্যাকাণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

রংপুর নগরীতে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে হত্যা মামলায় তদন্ত শেষে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ মাদক সেবনে বাধা পেয়ে নয়, চুরি করতে গিয়ে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশিদ এসব কথা জানান।

পুলিশ কমিশনার জানান, দেশে-বিদেশে বহুল আলোচিত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী ও শিশু পুত্র আয়াশ চক্রবর্তী এই চারজনকে গত ২১ আগস্ট দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একে একে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিরা মাদক সেবন করতে নয়, চুরি করতে ওই বাসায় ছাদে অপেক্ষা করছিল। সময় কাটানোর জন্য তারা ইয়াবা সেবন করেছিল। আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়ে নগদ ১৫,০০০ টাকা ‍ও স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায়।

মাহবুব রশিদ জানান, মাদক সেবনে বাধা পেয়ে নয়, চুরি করতে গিয়ে আসামিরা একে একে চারজনকে হত্যা করেছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নিহত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। অবসরের পর প্রায় ৬০ লক্ষ টাকা পেয়েছিলেন ভাতা হিসেবে। এছাড়া তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বিভিন্ন ধরনের দামি গহনা পরিধান করে চলাফেরা করতেন। বিষয়টি আসামিরা লক্ষ্য করে আসছিল। বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণের গহনা হাতিয়ে নেওয়ার জন্যেই আসামিরা গণপতি চক্রবর্তী বাড়িতে চুরি করতে গিয়েছিল।

পুলিশ কমিশনার জানান, আলামত হিসেবে সিজ করা হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা ও রশি, ভক্ষণ করা শসার অংশবিশেষ এবং অন্যান্য আলামত সিআইডির পরীক্ষাগারে পরীক্ষা করে এবং আসামিদের ডিএনএ পরীক্ষা করে হত্যাকাণ্ডে দুই আসামি জড়িত ছিল বলে প্রমাণ মিলেছে। সেইসঙ্গে আসামিরা আদালতে যে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে, সেখানেও তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি জানান, মামলা ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। সেইসঙ্গে ৬৩টি আলামত  জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩০২ /৩৮০ /৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী, যুগ্ন কমিশনার তোফায়েল আহমেদ ও তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।